পুণ্ড্র ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো "ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভ চ্যালেঞ্জ-২০২৬"
July 12, 2026
PUB
পুণ্ড্র ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো "ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভ চ্যালেঞ্জ-২০২৬"
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর স্টার্টআপ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে ওপেন ল্যাব বাংলাদেশ-এর উদ্যোগে "ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভ চ্যালেঞ্জ-২০২৬" শীর্ষক বর্ণাঢ্য অনুষ্ঠান ১২ জুলাই ২০২৬ (রবিবার) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। "বিল্ডিং এ ট্রিলিয়ন-ডলার ইকোনমি বাই-২০৩৪" প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইন জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন বগুড়া সদর-০৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি)-এর চেয়ারম্যান এবং টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম। পিইউবি’র উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওটি’র ভাইস চেয়ারম্যান রোটা. ডাঃ মোঃ মতিউর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, রেজিস্ট্রার গৌতম কুমার এবং বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে অনলাইন জুমের মাধ্যমে যুক্ত ছিলেন আইসিটি অ্যাডভাইজারের পার্সোনাল অফিসার কে. এম. শাখাওয়াত হোসাইন এবং অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ওপেন ল্যাব বাংলাদেশের কো-অর্ডিনেটর ফাহিম শাহারিয়ার। তাঁরা তরুণদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা সৃষ্টি এবং স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালীকরণে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানে উদ্ভাবন, প্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নকে কেন্দ্র করে বিভিন্ন সেমিনার, স্টার্টআপ বিষয়ক আলোচনা, হ্যাকাথন, পিচিং সেশন, মেন্টরশিপ এবং তরুণ উদ্ভাবকদের জন্য সম্ভাব্য সিড ফান্ডিংয়ের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ওপেন ল্যাব বাংলাদেশের আয়োজনে ইডিজিই, এটুআই , বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি এবং ওয়ার্ল্ড ব্যাংক এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে বগুড়াসহ উত্তরাঞ্চলের তরুণদের মধ্যে উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তোলার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং একটি টেকসই উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে উঠবে। প্রতিযোগিতার সমাপনী পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে চ্যাম্পিয়ন দলকে ২ লক্ষ টাকা এবং রানার্সআপ দলকে ১ লক্ষ টাকা প্রাইজমানি প্রদান করা হয়।